শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচার হওয়ার পরপরই যশোরে হাজার হাজার ছাত্রজনতা রাস্তায় নেমে বিজয় উল্লাশ ও মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়কগুলো লোকারণ্য হয়ে ওঠে। উল্লাসরত জনতার একটি অংশ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলের ভাস্কর্য ভাংচুর করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের মালিকানাধীন পাঁচতারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, তার বাড়ি ও প্রেসে আগুন ধরিয়ে দেয়।

হোটেল জাবির ইন্টারন্যাশনাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হোটেলটিতে আরও মরদেহ থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে আগুন না নেভায় উদ্ধার কার্যক্রম চালানো যাচ্ছে না। আগুন দেওয়া হয়েছে যশোর সদর উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাড়িতেও। শহরের চাচড়া এলাকায় নাভারণ প্রিন্টিং প্রেসও ভাংচুর করা হয়। এই প্রেসটির মালিক যশোর-১ (শার্শা উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মদ চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে। এছাড়া মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়াসহ প্রায় সব উপজেলাতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদিকে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ সাংবাদিকদের বলেন, হামলা, ভাংচুর, আগুন দেওয়ার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এসব কাজ না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে