সিনান আহমেদ শুভ,রাজবাড়ী সংবাদদাতা।। রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায় , কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসটিতে ৩৫ থেকে ৪০ জন ছিল। কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় এলে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যায়। ফরিদপুর থেকে রেকার এনে বাসটি উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।



























