ঈদ উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে উপচেপড়া ভিড়। রাত থেকেই দেখা গেছে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। অনেকে তুলেছেন কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ। আজ দেয়া হচ্ছে ১৩ জুনের টিকিট। বিক্রি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মধ্যরাত থেকেই কমলাপুর রেলস্টেশনের কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়ান অনেকে। ভোরের দিকে, ভিড় বেড়ে স্টেশনের বাইরে চলে যায় মানুষের সারি। হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের।সকাল ৮টা থেকে শুরু হয় ১৩ জুনের টিকিট বিক্রি। অনেকে তোলেন ধীরগতির অভিযোগ। লাইনের শুরুর দিকে দাঁড়িয়েও এসি বার্থ ও এসি চেয়ার টিকিট না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, টিকিট বিক্রিতে কোনো ত্রুটি নেই। আজ দেয়া হচ্ছে প্রায় সাড়ে ২৭ হাজার আসনের টিকিট।
কমলাপুরে এবার মোট ২৬টি টিকিট কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২টি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত। অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। এদিকে, ঢাকার বাইরে চট্টগ্রামেও চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। গত কয়েকদিনের তুলনায় আজ বেশ ভিড় লক্ষ্য করা গেছে।
অনলাইন ডেস্ক। নিউজ














