জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। টানা ১৬’দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও গম আমদানি শুরু হয়েছে। বুধবার(২৪’শে আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ টন গম ভারত থেকে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। তবে এ’দিন ১’হাজার টন গম আসার কথা থাকলেও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় আগরতলা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে বাকি গমের ট্রাকগুলো সেখানে আটকা পড়ে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটকা পড়া গমগুলো আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গমগুলো আমদানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ গমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছেে। প্রতি টন গম আমদানি হয়েছে ৩৭০ মার্কিন ডলারে। মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে ২৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোভেট লিমিটেড। ঐ এলসির প্রথম চালানে ১ হাজার টনের মধ্যে ৩০০ টন গম এসেছে বুধবার। সন্ধ্যা হয়ে যাওয়ার কারনে বাকি ৭০০ টন গম বোঝাই ট্রাকগুলো আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে। এগুলো আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। এরপর দুপুর থেকে গমগুলো খালাসের কার্যক্রম শুরু হবে।
উল্লখ্য, গম আমদানী দুই মাস বন্ধ থাকার পর গত ১লা আগস্ট ভারত থেকে আখাউড়া স্থলবন্দরে গম এসেছিল। শেষ গমের চালান এসেছিল ৭ আগস্ট। এরপর আর কোনো গমের চালান আসেনি বাংলাদেশে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ
























