আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ।। ফরিদগঞ্জে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। বাইক মালিকের নাম আবদুল মান্নান। টের পেয়ে পেছনে দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি। শুক্রবার ভোর বেলায় চুরির ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ আলিয়া মাদরাসার পেছনে মিজানুর রহমানের বাড়িতে। এর কিছুদিন আগে কাছাকাছি স্থান থেকে অপর একটি ইজিবাইক চুরি হয়েছে।
ভূক্তভোগী আবদুল মান্নান (৬০) জানিয়েছেন, ফজরের নামাজের আজান দেয়ার পর তিনি পার্শ্ববর্তী মসজিদে যান। নামাজ শেষে সাড়ে পাঁচ ঘটিকা নাগাদ তিনি মসজিদ থেকে বের হয়ে দেখেন তার ইজিবাইকটি কেউ নিয়ে যাচ্ছে। সাথে থাকা ছেলে রিয়াজ (২৬)কে ডেকে বলেন। রিয়াজ পেছনে দৌড়ে পৌরসভা অফিস পর্যস্ত যান। কিন্তু, ততক্ষণে ইজিবাইকটি নাগালের বাইরে চলে গেছে। সে সময় ওই রাস্তায় কোন লোকজন ছিল না।
আবদুল মান্নান বলেন, ব্র্যাক সমিতি থেকে স্ত্রী মমতাজ বেগমের নামে লোন নিয়ে প্রায় ১০ মাস আগে বাইকটি কিনেছেন। এখনও তিন মাসের কিস্তি বকেয়া আছে। জানতে চাইলে, তার ছেলে মামুন হোসেন (৩৫) বলেন, ইজিবাইকের চাবী ঘরে ছিল। তালার সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করে অন্য তারের সাথে সংযোগ লাগিয়ে স্টার্ট দিয়েছে। এমন করে স্টার্ট দেয়া যায় এবং চাবী ছাড়া চুরি করে। তিনি বলেন, থানায় জানাইনি।
অপরদিকে, কিছুদিন আগে আলিয়া মাদরাসার পেছনে একই রাস্তায় ও মসজিদে যাওয়ার পথ থেকে অপর একটি ইজিবাইক চুরি হয়ে গেছে। মালিকের বাড়ি স্থানীয় বড়ালি গ্রামে। তার নাম জাহাঙ্গীর (৪৫)। তিনি সেখানে ইজিবাইক রেখে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। বাইকটির সন্ধান আজও পাননি। ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার এ.এস.আই নাঈম বলেছেন, আজ (শুক্রবার) লিখিত বা মৌখিক এমন কোন অভিযোগ পাইনি।
ফরিদগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























