রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ প্রতিনিধি।। কিশোরগঞ্জের হাওরে নিখোঁজের ১৮ ঘন্টা পর এক পল্লী বিদ্যুতকর্মীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার(১৯’শে জুলাই) দুপুরে মিঠামইন নৌ-পুলিশের কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মিঠামইন-অষ্টগ্রাম হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পরে তিনি নিখোঁজ হন। নিহত মোহাম্মদ হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ হাওরের অল ওয়েদার সড়কের পাশে মিঠামইন-অষ্টগ্রাম হাওরে মাছ ধরতে যান কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসে কর্মরত সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ হোসেন। এ সময় হাতের কব্জিতে বাঁধা জাল পানিতে ফেলার সময় স্রোতের টানে জালসহ হাওরের পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে আজ বেলা সাড়ে ১২টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম হাওর থেকে তার লাশ উদ্ধার করে। এ’দিকে তার পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই মোহাম্মদ হোসেন বিয়ে করেন। ঈদ বিয়ের ছুটি শেষে গত রোববার মিঠামইন কর্মস্থলে যোগ দেন তিনি। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।























