
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সালিশি সভায় বাকবিতন্ডার জেরে বল্লমের আঘাতে শাহ আলম (৩৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৭’ই জুলাই) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত শাহ আলম নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে। নিহতের চাচাতো ভাই কামাল মিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়।
বিষয়টি মীমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে সালিশি সভা হয়। সালিশে জিয়া নামে একজন না আসায়, সভায় উপস্থিত শাহ আলম এর কারণ জিজ্ঞাস করেন। এ’নিয়ে সফর মিয়া, সাঈদুল ও আরাফাতের সঙ্গে শাহ আলমের বাগবিতন্ডা হয়। এর একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসহ শাহ আলমের ওপর হামলা করেন। এ সময় তার একটি চোখে বল্লমের আঘাত লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহরের নিউ ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ























