জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুর গ্রামে চলমান আশ্রয়ণ প্রকল্প কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম করার অভিযোগে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে রাঙামাটি এবং বান্দরবানে বদলি করা হয়। এ ব্যাপারে মন্ত্রী বলেন, যাদেরকে জড়িত দেখা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যেকোনো জায়গায় কেউ যদি আশ্রয়ণ প্রকল্প নিয়ে দুর্নীতি করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা সেতু নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, তারা মিথ্যা বলতে এবং সন্ত্রাসী কার্যক্রম করতে অভ্যস্ত। বাংলাদেশে ভালো কিছু হোক সেটা তারা চান না। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে নিজ দেশের অর্থায়নে যে পদ্মা সেতু বানাতে পেরেছে এটা তাদের সহ্য হচ্ছে না। সেজন্য এসব অপপ্রচার করছে। দেশের মানুষকে অনুরোধ করব এসব অপপ্রচারে যেন কান না দেয়।

এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে