জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।মালদ্বীপে বসবাসরত অবস্থায় এক পাকিস্তানির ছুড়িকাঘাতে
ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাহীন (২৪) নামের প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মালদ্বীপের মালে এলাকার একটি রেস্টুরেন্টে ঘটনাটি ঘটে।
শাহীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। নিহতের চাচা বাইজেদুল ইসলাম বলেন, শাহীন মালদ্বীপে একটি রেস্টুরেন্টে কাজ করতো। একই রেস্টুরেন্টে শাহীনের সাথে একজন পাকিস্তানি কাজ করতেন। কোনো এক বিষয় নিয়ে পাকিস্তানির সাথে কথা কাটাকাটি হলে রেস্টুরেন্টে থাকা ছুড়ি দিয়ে শাহীনকে ছুড়িকাঘাত করলে সে আহত হয়। মালদ্বীপের হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।বাইজেদুল আরও বলেন, আমার বড় ভাই জাহিদুল ইসলাম সুজন শাহীনের মরদেহের সাথে আছেন।
তিনি জানিয়েছেন,রবিবার ভোররাতে সেই পাকিস্তানিকে মালদ্বীপের পুলিশ আটক করেছে।পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মালদ্বীপে শাহীনের আত্মীয়দের সাথে যোগাযোগ করছি, কীভাবে মরদেহ দেশে আনা যায়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, শাহীনের মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














