
কে এম মিঠু, টাঙ্গাইল সংবাদদাতা।। টাঙ্গাইলের গোপালপুরসহ পাঁচ উপজেলার ৬ লক্ষাধিক গ্রাহক রাতদিনে ৫ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেনা। ফলে সেচের অভাবে থোড় বোরো নষ্ট হচ্ছে। শিল্পকারখানা বন্ধ থাকায় ক্ষুদ্র উদ্যোক্তরা লোকসান গুনছে। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা যায়, টাঙ্গাইলে জেলার গোপালপুর, মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পবিস)। পিকআওয়ারে বিদ্যুৎ চাহিদা ৯০ মেগাওয়াট। মিলছে ২০/২৫ মেগাওয়াট। রেশনিং করে এ বিদ্যুৎ পর্যায়ক্রমে সরবরাহ করায় কোন কোন ফিডারে ২/৩ ঘন্টার বেশি মিলেনা। ফলে গ্রাম অন্ধকারে থাকে।
গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎ সংকটে খরায় সেচের অভাবে থোড় ধরা বোরো ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধ থাকছে ক্ষুদ্র কারখানা। গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাসিন্দা সুজন পারভেজ এবং হেমনগর ইউনিয়নে বাসিন্দা আব্দুল মোমেন বলেন, একদিকে অসহ্য গরম। তারমধ্যে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। দিনরাতে আমরা ২/৩ ঘণ্টা বিদ্যুৎ পেয়ে থাকি। প্রতিরাতে মুসুল্লিদের তারাবী নামাজ আদায়ে খুবই কষ্ট হচ্ছে। ইফতার ও সেহেরীর করতে হচ্ছে বিদ্যুৎ বিহীন। আমরা দ্রুততার সাথে এর আশু সমাধান চাচ্ছি। তা না হলে বিদ্যুতের গ্রাহকরা যেকোনো ধরণের কর্মসূচী ঘোষণা করবে।
উপজেলার নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসরিক জাহান স্বচ্ছ জানান, আমাদের এই উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হলেও নিয়মিত বিদ্যুত পাইনা। ফলে লেখাপড়া করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা এর আশু সমাধান চাই।
পল্লী বিদ্যুৎ গোপালপুর জোনাল ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, এ পাঁচ উপজেলায় বিদ্যুৎ আসে পিডিবির জামালপুর গ্রীড থেকে। দুই সপ্তাহ যাবৎ জামালপুরের ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানী যান্ত্রিক গোলযোগে ২১৫ মেগাওয়াটের স্থলে ১০০ মেগাাওয়াট উৎপাদন করছে। এ বিদ্যুৎ জামালপুর ও শেরপুর জেলায় বিতরণের পর বাকি টাঙ্গাইলে সরবরাহ হয়। ময়মনসিংহ আরপিসিএল গ্যাস সংকটে ৪৫০ মেগাওয়াটের স্থলে ১০ উৎপাদন করছে। ময়মনসিংহ পাওয়ার প্যাক অভারহলিংয়ে থাকায় ৯৫ মেগাওয়াটের পুরোটাই বন্ধ। ফলে নজীরবিহীন এই লোডশেডিং।
পল্লী বিদ্যুৎ মধুপুর জোনাল ম্যানেজার আবু মোহাম্মদ ইয়াহিয়া সংকটের সত্যতা স্বীকার করে জানান, টানা দুই সপ্তাহের বিদ্যমান সংকটের সাথে যোগ হয়েছে রমজানের বাড়তি চাহিদা। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ। গত সোমবার সহস্রাধিক গ্রাহক মধুপুর পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও দিয়ে ভাংচুর করে।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু জানান, সংকট নিরসন্যে জামালপুরের পরিবর্তে টাঙ্গাইল গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের দাবি দীর্ঘ দিনের। পিসিবি এজন্য ঘাটাইলের পাকুটিয়াতে গ্রিড সাবষ্টেশন নির্মাণ করছে। কিন্তু নির্মাণের কচ্ছপগতি হতাশ করছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পবিস) এর জিএম আখতার হোসেন জানান, ঘাটাইল গ্রিড সাবষ্টেশন চালুর পর টাঙ্গাইল অংশের উন্নতি ঘটবে।

টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























