নওগাঁ প্রতিনিধি : একাত্তরের ২৫ মার্চ রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বাঙালীদের। সেই কালো রাত স্মরণে নওগাঁয় আজ শুক্রবার বের করা হয় আলোর মিছিল।সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনার থেকে আলোর মিছিল বের করা হয়।
আলোর মিছিলে নওগাঁর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিশু-কিশোর ও স্থানীয় বিভিন্ন মহলের শতাধিক সচেতন মানুষ অংশ নেন।আলোর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তির মোড়ে এসে শেষ হয়। এর আগে একুশে পরিষদের আয়োজনে মুক্তির মোড় শহীদ মিনারের পাশে নির্মিত অস্থায়ী মঞ্চে ২৫ মার্চ রাতের গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্টা শরিফুল ইসলাম খান, ময়নুল হক দুলদুল, বিন আলী পিন্টু, মুকুল চন্দ্র কবিরাজ, সিদ্দিকুর রহমান, সহসভাপতি মোস্তফা আল মেহমুদ, প্রতাপ চন্দ্র, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রউফ পাভেল প্রমুখ ।
ডিএম আব্দুল বারী বলেন, ‘জাতীয় জীবনে সার্বিক আন্দোলন ও একাত্তরে একটি প্রত্যক্ষ গণযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক রাষ্ট্র হবে না। এই রাষ্ট্র হবে শোষণ-বঞ্চনাহীন এবং রাষ্ট্র পরিনচালিত হবে ন্যায়-নীতির ভীত্তিতে। অসম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গড়াই আমাদের এখনকার যুদ্ধ। আর এই যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখতে বর্তমান প্রজন্মকেই। বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে একুশে পরিষদ কাজ করে যাচ্ছে।
আলোর মিছিল ও আলোচনা সভা ছাড়াও একুশে পরিষদের আয়োজনে মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে একাত্তরে নওগাঁর বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া গণহত্যার তথ্য ও আলোকচিত্র তুলে ধরে দেয়াল প্রদর্শনী করা হয়।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ
























