
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় এখন থেকে জেলা কারাগারের বন্দীরা পাঠাগারে বসে বই পড়তে পারবেন। তাদের জন্য সংস্কৃতি চর্চার ব্যবস্থাও করা হয়েছে। এজন্য কারাগারের ভেতরে একটি পাঠাগার করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের তরফ থেকে কারাবন্দীদের জন্য বই এবং বিভিন্ন বাদ্যযন্ত্র উপহার দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম কারাগার পরিদর্শন শেষে কারাকর্তৃপক্ষের কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও হুমায়ূন আহমেদসহ স্বনামধন্য বিভিন্ন লেখকের ৩৮টি বই এবং সংস্কৃতি চর্চার জন্য হারমোনিয়াম, তবলা, বাঁশি, মন্দিরা, ঢোল ও জিপসিসহ অন্যান্য বাদ্যযন্ত্র তুলে দেন। এ’সময় জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন ও এহসানুল হক শিপন, জেল সুপার মো. ইকবাল হোসেন এবং জেলার মো. দিদারুল আলম উপস্থিত ছিলেন।
এ’বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, কারাবন্দীদের জন্য চমৎকার একটি পাঠাগার করা হয়েছে। পাশাপাশি তাদের বিনোদনের জন্য সংস্কৃতি চর্চারও ব্যবস্থা করা হয়েছে। কারাবন্দীদের জন্য জেলা প্রশাসন থেকে বই এবং বাদ্যযন্ত্র উপহার দেওয়া হয়েছে। এখন থেকে কারাবন্দীরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পাঠাগারে বসে বই পড়তে পারবে এবং সংস্কৃতি চর্চা করতে পারবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।বিডি টাইমস নিউজ























