আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর মহাদেবপুরে ভ্যান চালক হাসান আলীকে(১৭) গলা কেটে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সাথে হত্যার সাথে জড়িত থাকায় মূল আসামি এখলাছ হোসেন (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের মদন চকগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মহাদেবপুর উপজেলার সভাপুর পূর্ব পাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া এতথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৯ ফেব্রæয়ারি সন্ধ্যা ৬টার দিকে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হাসান আলী। সময়মত হাসান আলী বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজা খুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায় নি। পরের দিন ২০ তারিখ রবিবার সকাল ৬টার দিকে উপজেলার গোফা নগর শাবইল মোড়ের একটি ধান ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ’ঘটনায় হাসান আলীর বাবা আহাদ আলী মহাদেবপুর থানায় একটিমামলা দায়ের করলে পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। তিনি আরও বলেন, এখলাছ হোসেনকে গ্রেফতারের পর জিজ্ঞাসা বাদে জানা যায় পূর্ব পরিকল্পিত ভাবে চার্জার ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ৭টার দিকে কুঞ্জবন মোড় পেট্রল পাম্পের সামনে চার্জার ভ্যান স্টান্ড থেকে ৩০ টাকা ভাড়ায় খাজুর বাজারে যাওয়ার কথা বলে হাসান আলীর চার্জার ভ্যান ভাড়া করে। পরে সেখান থেকে শাবইল মোড় পর্যন্ত দিয়ে আসতে বলে। শাবইল মোড়ে পৌঁছলে হাসান আলীর গলায় ছুরি ধরে চার্জার ভ্যান থামাতে বলে। এ সময় হাসান আলী চার্জার ভ্যান থামালে এখলাছের সহযোগীসহ ভ্যান থেকে নেমে পিছন থেকে হাসান আলীর গলায় ছুরি চালায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম) গাজি উর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন’সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























