আব্দুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় রাশেদুল ইসলাম সৌরভ(২৬) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের বাজার স্টেশন এলাকায় প্রকাশ্যে দিবালোকে এঘটনা ঘটে। আহত যুবক রাশেদুল ইসলাম সৌরভ সিরাজগঞ্জ পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহমিনা খাতুন মিনার ছেলে ও পৌর এলাকার শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। এ ঘটনায় জিহাদ নামে এক যুবককে আটক করা হয়েছে। জিহাদ  শাহেদ নগর মহল্লার কালাম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত তিনদিন আগে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ ও শাহেদ নগর ব্যাপারীপাড়া মহল্লার কয়েকজন যুবকের সাথে রাশেদুলের কথাকাটি হয়। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরে রাশেদুল ইসলাম সৌরভ স্কুলের কাজে সদর উপজেলা পরিষদে যাবার পথে শহরের বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় পৌছালে কয়েকজন যুবক তার উপর হামলা করে। এসময় ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, ধারালো অস্ত্র দিয়ে পিঠের নিচের অংশে আঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪-৫ জন যুবক এ’ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে