নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে রহিম মিয়া নামে এক ভারতীয় গরু ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৫০০’ভারতীয় রুপি উদ্ধার করে বিজিবি। সকালে ওই ভারতীয় নাগরিককে জেল হাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) রাতে ওই উপজেলায় ভেলাগুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করেন বিজিবি’র জাওরানী ক্যাম্পের টহল দল। আটক রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গিজালদা গ্রামের সুখলাল মিয়ার ছেলে।
বিজিবি জানান, ওই সীমান্তের ৯০৯ নং মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক রহিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার জন্য অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বুধবার সকালে আটক রহিম মিয়াকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ























