জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিতণ্ডার জেরে একটি এতিমখানায় হামলা চালিয়ে ৩১ জন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় শহরের কলেজপাড়া এলাকার মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায়। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আহতরা হলো- সালমান ফারসি (৯), নাদিম (১০), ওসমান (১০), সামাউন (১০), আব্দুলাহ (১৩), জাকারিয়া (৯), ইব্রাহিম (১৫), সাইদুল ইসলাম (১১), ফরহাদ (৯), মুজ্জামেল (১৪), জাহিদ (১৩), জুনায়েদ (১৩), ইয়ামিন (৯), ইসমাইল (১১), আমির হামজা (১২), ওমর ফারুক (১০), আসাদ উল্লাহ (১২), রিফাত (১৩), ওয়াসিম (১২), সিয়াম (১৩), ফজলে রাব্বী (১৪), সালমান (১৭), তোফাজ্জল (১৩), রেদুয়ান (১০), মোবারক (১৪), সালমান ফারসি (১৬), আকিব (৮), তানভীর (১৪), সিয়াম (১৪), আশরাফুল (১০) এবং রাকিব (১০)।
এতিমখানার পরিচালক হাফেজ মো. ইমরান জানান, বিকেলে এতিমখানার পাশে ছাত্ররা খেলছিল। এ সময় স্থানীয় এক ছেলের সঙ্গে তাদের বিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় নারী-পুরুষ দলবেধে এসে এতিমখানায় হামলা চালিয়ে ছাত্রদেরকে পিটিয়ে আহত করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, এতিমখানার ছাত্ররা কলেজপাড়া বালুরমাঠে ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় এক তরুণ খেলতে বাধা দেয় ছাত্রদের। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বলে। এ নিয়ে বিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ























