
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। জেলহাজতে থেকেও ইউপি নির্বাচনে জিতে গেলেন হেফাজত তাণ্ডবে অভিযুক্ত প্রার্থী মোঃ মনিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে ০৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে। গত বছরের মার্চে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর,সরাইল ও আশুগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। আর ঐ দায়ের হওয়া মামলার মধ্যে ১৪ মামলার আসামি ছিলেন মো. মনিরুল ইসলাম। বর্তমানে তিনি আছেন জেলহাজতে। জেলহাজতে থেকেও তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে হারিয়ে দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে। তার পক্ষে তার স্বজন ও শুভাকাঙ্খীরা দায়িত্ব নিয়ে প্রচারণা চালিয়ে এ জয় নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০টি ও আশুগঞ্জের ৮টি ইউনিয়নে বুধবার ০৫ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ভরাডুবিকে ছাপিয়ে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে ইসলামী ঐক্যজোটের সেই প্রার্থী মোঃ মনিরুল ইসলামের জয়ই এখন বেশি আলোচনায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বুধবার রাত সাড়ে ১০টার দিকে বলেন, ‘একাধিক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সামান্য ভোটে হেরেছেন। একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নিজ এলাকার কেন্দ্র থেকে জিততে না পারায় হেরেছেন। তালশহর পূর্ব এলাকাটি স্বাধীনতার পর থেকেই ভিন্ন মতাদর্শের অর্থাৎ ইসলামী ঐক্যজোট সমর্থিত এলাকা।’
তিনি আরো বলেন, অনেক এলাকার নৌকার প্রার্থী জয়লাভ না করলেও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত প্রার্থী জয়লাভ করেছেন। এক হিসেব থেকে দেখা যায়, সদর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের চারজন, আশুগঞ্জের ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের দুজন প্রার্থী জয়লাভ করেন। বাকি ১২ ইউনিয়নে সাতজন আওয়ামী লীগের বিদ্রোহী, দুজন ইসলামী ঐক্যজোট সমর্থক, দুজন বিএনপি সমর্থক ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। পৃথক আরেক হিসেব থেকে দেখা যায়, এর আগে বাঞ্ছারামাপুরের ‘একতরফা ভোট’(আ.লীগের বেশিরভাগ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ও আখাউড়ায় দলীয় প্রতীকবিহীন ভোট বাদ দিলে জেলার সরাইল, নাসিরনগর, নবীনগর ও বিজয়নগরে আওয়ামী লীগে প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ওই চার উপজেলায় ৪৫টি ইউনিয়নের মধ্যে মাত্র ১৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়লাভ করে। সরাইল ও নবীনগরে বিএনপি ঘরানার তিন প্রার্থী জয়লাভ করে। জয়লাভ করা বাকি প্রার্থীদের বেশিরভাগ আওয়ামী লীগের বিদ্রোহী। বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তাদেরকে দমানো যায়নি।
জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করা কারা অন্তরীণ মোঃ মনিরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৯৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল সালাম পেয়েছেন দুই হাজার ৪৭২ ভোট। স্থানীয় একাধিক সূত্র জানায়, মনিরুল ইসলাম সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক। হেফাজত তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত বছরের ২২ জুন গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। ১৪টি মামলায় গ্রেপ্তার দেখানো মনিরুল ইসলাম ১৩টিতে জামিন পেয়েছেন। মোঃ মনিরুল ইসলামের নির্বাচনী দায়িত্বে থাকা মোঃ হোসেন মিয়া বলেন, ‘মনিরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। কারাগারে রাখার কারণেই মানুষ সাড়া দিয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ























