জহির শিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় একই জায়গায় বিএনপি ও ছাত্রলীগের সমাবেশের ডাক দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (৮’ই জানুয়ারি) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম সন্ধ্যা সাড়ে ছয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একইস্থানে জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় এ উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে প্রাঙ্গণে দুপুর ২টায় এই সমাবেশ ডাক দেয় বিএনপি। তবে সমাবেশ নিয়ে কোনো অনুমতি ছিল না। এ অবস্থায় জেলা ছাত্রলীগও একইস্থানে প্রতিষ্ঠাবার্ষিকির সমাবেশের ডাক দেয়।

বিএনপির একটি সূত্র জানায়, সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আমীর মাহমুদ চৌধুরী খসরু এতে প্রধান অতিথি থাকার কথা। ব্যারিস্টার রুমিন ফারহানা, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, উকিল আব্দুস সাত্তার ভ‚ইয়া, কেন্দ্রীয় বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা। সমাবেশ সফলে প্রচারণাও চালায় পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ জেলা বিএনপি’র আহবায়ক মো. জিল্লুর রহমান, সদস্য মো. জহিরুল হক খোকন, মো. সিরাজুল ইসলাম ও পৌর বিএনপি নেতা মিজানুর রহমানকে আটক করে নিয়ে যায়। জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা কচি জানান, পুলিশ তাদের চার নেতাকে ধরে নিয়ে গেছে। তবে তাদেরকে কোথায় নিয়ে রাখা হয়েছে সেটা তারা জানতে পারছেন না। যেকোনো মূল্যে তারা সমাবেশ করবেন।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজনের প্রস্তুতি চলছে। বিএনপি আবেদন করার আগেই আমরা জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। এখন আমাদের লিখিত অনুমতি দেয়নি, তবে মৌখিক জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, বিএনপি নেতাদের আটক করার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছি।

উল্লেখ্য, গত ২২’শে ডিসেম্বর বিএনপির গণসমাবেশের তারিখ নির্ধারিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অজুহাতে এ সমাবেশ স্থগিত করা হয়। পরবর্তীতে ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করার তারিখ নির্ধারণ করে জেলা বিএনপি।
পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, চারজনকে হেফাজতে রাখার বিষয়টি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে