
রেজা মাহমুদ, সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসিনা বেগম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯৩ ভোট। ইউপির ৯টি কেন্দ্র মিলিয়ে তিনি এই ভোট পান। এতে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটি জেলায় নৌকা প্রতীক নিয়ে সর্বনিম্ন ভোট পাওয়ার নতুন রেকর্ড। এমনকি ইসলামি আন্দোলনের বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ কাশেম আলীর থেকেও কম ভোট পেয়েছেন নৌকা প্রার্থী। হাত পাখা প্রতীক নিয়ে আবুল কাশেম পেয়েছেন ২২৬’ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যানপদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
ইউনিয়নে ১৭’হাজার ৪৯৬ ভোটের মধ্যে ১৫’হাজার ১২০’ভোট কাস্ট হয়। যার মধ্যে ৩৪২’টি ভোট বাতিল হয়েছে। এতে নৌকার প্রার্থী শুন্য দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। রোববার রাত সাড়ে ৮’টায় ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নটিতে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী মাসুদ রানা বাবু মটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জুয়েল চৌধুরী আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭৮টি। অপর স্বতন্ত্র প্রার্থী মাহাফুজ রাজা টেলিফোন প্রতীক নিয়ে ৭৬টি ভোট পেয়েছেন।
এদিকে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে এতো কম ভোট পাওয়ায় নৌকার প্রার্থীকে নিয়ে ট্রল চলছে। নৌকার এমন বিপর্যয় নিয়ে মুখরোচক আলোচনায় মেতে উঠেছে কেউ কেউ। খোদ দলের নেতাকর্মীদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
সৈয়দপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























