আব্দুর রউফ পাভেল- নওগাঁ প্রতিনিধি :
স্বাধীন বাঙালি জাতিকে মেধা-মননহীন করে তুলতে একাত্তরে সারা দেশের মতো নওগাঁতেও দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমাজে সৃজনশীলতায় অগ্রণী ভূমিকা রাখা নওগাঁর সেই সমস্ত শহীদ বুদ্ধিজীবী দের সংক্ষিপ্ত জীবনী ও ছবি তুলে ধরে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে একুশে পরিষদের মাঠপর্যায়ের গবেষণার ভিত্তিতে উঠে আসা নওগাঁর ৪৪ জন শহীদ বুদ্ধিজীবীর জীবনী ও ছবি তুলে ধরা হয়।

সকাল ৯টায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী। এ সময় অন্যদের মধ্যে একুশে পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি মোস্তফা আল মেহমুদ রাসেল, প্রতাপ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন। ডিএম আব্দুল বারী বলেন, শুধু একাত্তরের ১৪ ডিসেম্বরই বুদ্ধিজীবীদের ঢাকায় বাসাবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানি বর্বর বাহিনী নৃশংসভাবে হত্যা কেরছিল, তা নয়। একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পুরো ৯ মাস জুড়েই বাঙালি জাতিকে মেধা-মননহীন করতে সারা দেশে বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর হায়েনার দল।

একুশে পরিষদ নওগাঁ দীর্ঘ প্রায় ১১ বছর ধরে মাঠ পর্যায়ে গবেষণা করে নওগাঁর ৪৪ জন শহীদ বুদ্ধিজীবীদের তথ্য ও তাঁদের আত্মত্যাগের কাহিনী তুলে আনতে পেরেছে। সেই সব তথ্য নিয়ে একুশে পরিষদের সহ-সভাপতি
মোস্তফা আল মেহমুদের সম্পাদনায় রক্তঋণ ১৯৭১: নওগাঁ নামে একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের পরিচিতি ও তাঁদের আত্মত্যাগেরকাহিনী তরুণদের মাঝে ছড়িয়ে দিতে এই চিত্র প্রদর্শনী করা হয়েছে।

রক্তঋণ ১৯৭১: নওগাঁ বইয়ের লেখক মোস্তফা আল মেহমুদ বলেন, একুশে পরিষদের গবেষণায় এখন পর্যন্ত নওগাঁর ৪৪ জন শহীদ বুদ্ধিজীবীদের তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। একুশে পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ সমস্ত শহীদদের স্বীকৃতির দাবি এবং তাঁদের স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে ইতোমধ্যে স্মারকলিপি দেওয়া হয়েছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে