জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আসন্ন ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬ জন প্রার্থী নৌকার মাঝি হতে চায়। উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে আগামী  ৫ জানুয়ারি।  উক্ত উপজেলার ৮ টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গ্রাম-গঞ্জের অলিগলি, পাড়া মহল্লা, হাট বাজার, চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক দলের কার্যালয় পর্যন্ত সর্বত্র বয়ে চলেছে নির্বাচনী হাওয়া। দলীয় মনোনয়ন পেতে জেলা-উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের কাছে দৌঁড় ঝাঁপে ব্যস্ত সময় পার করছেন আশুগঞ্জ উপজেলার  সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীরা। সরেজমিনে ঘুরে উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে এমন চিত্রই দেখা যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে উপজেলার ৮ ইউনিয়ন থেকে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম দাখিল করলেও প্রতিটি ইউনিয়নে ৩ জন করে মোট ২৪ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর)আওয়ামী লীগের তৃর্ণমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের উপস্থিতিতে প্রতি ইউনিয়নে ৩ জন করে প্যানেল নির্ধারণ করা হয়। দলীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে যে ৩৬ জন প্রার্থী নৌকা প্রতিক পেতে দলীয় মনোনয়ন চেয়েছেন তারা হলেন সদর ইউনিয়ন পরিষদ থেকে বর্তমান চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন,আওয়ামী লীগ নেতা রুবেল সিকদার, যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম ও যুবলীগ নেতা মনির হোসেন। চরচারতলা ইউনিয়ন থেকে উপজেলা  আওয়ামী লীগ নেতা মো: মোশারফ হোসেন মুন্সি, সাবেক চেয়ারম্যান মো: আইয়ুব খান, কৃষক লীগ নেতা মো: নজরুল ইসলাম বকুল ও শ্রমিকলীগ নেতা মো: মুছা। দুর্গাপুর ইউনিয়ন পরিষদ থেকে বর্তমান চেয়ারম্যান জিয়াউল করিম খাঁন (সাজু) আওয়ামী লীগ নেতা উজ্জিবক ও তরুন ব্যবসায়ী মো: রাসেল মিয়া, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম রুবেল ও সাবেক চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন মাজু।

এছাড়াও এ ইউনিয়ন থেকে তাইফুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।আড়াইসিধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: সেলিম মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু সায়েম মিঠু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রাসেদুল ইসলাম ভুইয়া। তালশহর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: আবু শামা, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার মো: সোলেমান মিয়া, মো: শিশু মিয়া, মো: নাহিদ ও মো: রাসেল আহম্মেদ। শরীফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: সাইফ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা মো: ফারুকুল ইসলাম(ফারুক),ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো: সুমন চৌধুরী, অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম ও মো: মোজাম্মেল হক। লালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা মো: আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান মো: মোর্শেদ মাস্টার, যুবলীগ নেতা মো: বাকের আহাম্মেদ খান,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা এস আলম, আওয়ামী লীগ নেতা মো: রফিকুল ইসলাম। তারুয়া ইউনিয়নে-বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: ইদ্রিস হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরুন ব্যবসায়ী মো: জাকির হোসেন বাউল, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সাদির ও যুবলীগ নেতা মো: জামিল আহম্মেদ। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীগন যার যার অবস্থান থেকে লবিং ও তদবির করতে বর্তমানে প্রায় সব প্রার্থীরাই এখন কেন্দ্রে অবস্থান করছেন। তবে এই উপজেলায় অন্য কোন রাজনৈতিক দলের কিংবা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় কোন প্রার্থী। এমন অঙ্গীকারে যে যার মতো দৌঁড় ঝাঁপে ব্যস্ত। সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও মেম্বার প্রার্থীরাও পিছিয়ে নেই তাতে।  তারাও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নিজেকে প্রার্থী হিসেবে পরিচিত করতে ব্যস্ত সময় পার করছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদেরকে নিয়ে চুলচেরা বিশ্লেষন চলছে পাড়া মহল্লা, হাট বাজার থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত।  ৮ ইউনিয়নে কে হচ্ছেন নৌকার মাঝি? দলীয় ভোটাররা বলছেন নৌকা নিয়ে যে আসবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। তবে সাধারণ ভোটাররা বলছেন, মার্কা যাই হোক আমরা ভোট দিবো যোগ্য প্রার্থীকে। তবে শেষ মুহূর্তে সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা কম-বেশি হতে পারে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হানিফ মুন্সি জানান, উপজেলার ৮টি ইউনিয়ন থেকে মোট ৩৬ জন প্রার্থী দলীয় মনোয়ন চেয়েছেন। আওয়ামী লীগের তৃর্ণমুলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতি ইউনিয়নে ৩ জনের প্যানেল করে ৮ ইউনিয়নে মোট ২৪ জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন কেন্দ্র থেকে যার নাম আসবে সেটাই চুড়ান্ত হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে