জহির সিকদার,ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতজনের বাড়িতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সাতজন দক্ষিণ আফ্রিকা ফেরত।ইতিমধ্যে তাদেরকে হোমকোয়ারেন্টিন ও তাদের প্রত্যেকের বাড়িতে লাল নিশানা টানানো নিশ্চিত করা হয়। এ জন্য ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।
জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্য্যালয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় হওয়া একটি বিশেষ সভায় সতর্কতা বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার জেলার কসবা উপজেলার পাঁচজন (খাড়েরা গ্রামে তিনজন ও সৈয়দাবাদ গ্রামে দুইজন), নবীনগরের শিকানিকা গ্রামে একজন ও বাঞ্ছারামপুরের খোশকান্দি গ্রামে একজনের বাড়িতে যান সংশ্লিষ্টরা। এ সময় তাদেরকে শতভাগ কোয়ারেন্টিন পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি তাদের বাড়িতে লাশ নিশানা টানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য যে,ঐ সাতজন প্রবাস ফেরতরা প্রায় দুই সপ্তাহ আগেই দেশে ফিরেন বলে সংশ্লিষ্টরা বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত হন।
কসবার এক প্রবাস ফেরত ব্যক্তির ভাই জানান, ১৩ দিন আগে বাড়িতে আসার পর থেকেই তার ভাই খুব সতর্কতামূলকভাবে চলাফেরা করছে। এমনকি সে ঘরের মধ্যেও মাস্ক ব্যবহার করছে। প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে।কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ পাল জানান, সামাজিক সংক্রমণরোধে দক্ষিণ আফ্রিকা থেকে আগতদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। ওমিক্রনের কোনো সংক্রমণ পাওয়া গেলে তাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও দেওয়া হবে।
এদিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ জানান, যে কয়টি দেশ থেকে আসার বিষয়ে নিষেধাজ্ঞা নেই এর মধ্যে ভারত রয়েছে। অর্থাৎ ভারতীয় নাগরিক এ বন্দর দিয়ে যাতায়তে কোনো ধরণের সমস্যা নেই।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ


























