জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় এক কলেজছাত্রীকে মারধর করেছে এমরান (২৩) নামে মাদকাসক্ত বখাটে। সোমবার সকালে জেলা শহরের লোকনাথ দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। বখাটে এমরান স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর থানাকে অবহিত করা হলেও পুলিশ এ রিপোর্ট লিখা পর্যন্ত এমরানকে আটক করতে পারেনি।
জানা যায়, সোমবার সকালে অনার্স পড়–য়া এক ছাত্রী শহরের লোকনাথ দীঘির পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় বখাটে এমরান তার গতিরোধ করে আগের দিন কিশোর গ্যাং সদস্যদের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তিনি ভিডিও করেছেন এমন অভিযোগ করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে চায়। মোবাইল ফোন দিতে না চাইলে কলেজছাত্রীকে প্রথমে লাথি দিয়ে মাটিতে ফেলে দিয়ে বেধড়ক মারধর করে সে।
আহত কলেজছাত্রীর ভাই ও স্থানীয় যুবকরা জানান, এমরান এর আগেও ছাত্রীদের উত্ত্যক্ত করার একাধিক ঘটনা ঘটিয়েছে। পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কিশোরদের অপরাধ রোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে পুলিশ। বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথেও কথা বলা হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ














