আব্দুর রউফ পাভেল,নওগাঁ : প্রায় দেড় বছর পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এ দিন সকাল থেকেই নওগাঁর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে সশরীরে
পাঠদান শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। রোববার সকালে শহরের বিভিন্ন
বিদ্যালয় ঘুরে দেখা গেছে, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করছে।
করোনার স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে স্কুলে এসেছে তারা। স্কুল গুলোর প্রধান ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে। জিলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল আজিজ সরকার বলেন, শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিলানোর মাঝেই শিক্ষকের আনন্দ। তা আবার শুরু হতে যাচ্ছে। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলীমা আকতার বলেন, দেড় বছর পর শিক্ষার্থীদের সরাসরি ক্লাস রুমে পেয়ে আমরা উচ্ছ্বসিত। সরাসরি ক্লাস শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। অনলাইন ক্লাসে সব শিক্ষার্থী যেমন যুক্ত হতো না, তেমনি সেখানে প্রাণ পাওয়া যেত না।
সরাসরি না পড়ালে বা ছাত্র ছাত্রীরা ক্লাসে না এলে পাঠদানের মজাটা আসে না। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন বিনতে রউফ বলেন, স্বাস্থ্য বিধি মেনে আমরা আবার স্কুলে ফিরতে চাই। অনেক দিন থেকে ঘর বন্দি ছিলাম। এখন স্কুলে যেতে পেরে ভালো লাগছে। নিয়মিত লেখা পড়ার পাশা-পাশি
খেলাধুলা করতে পারবো। এদিকে সকালে শহরের বিভিন্ন স্কুল পরিদর্শণ করেন, জেলা প্রশাসক মে: হারুন অর রশিদ। এ সময় তিনি বলে, স্বাস্থ্য বিধি নিশ্চিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে সব নির্দেশনা মানা হচ্ছে
কি-না, তা মনিটরিং করা হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারের দেওয়া সব নির্দেশনা অনুসরণ করে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ


























