জহির সিকদার,ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী আপন দুই ভাই নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও ৩ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। তারা আপন দুই ভাই। দূর্ঘটনায় নিহতদের বাবা সাদেক মিয়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহা জানান, ভোরে একটি অটোরিকশা তালশহরের ভেতর দিয়ে জেলা শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন এবং তাদের বাবাসহ আরো ৩ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম জানা যায়নি।
ব্রাহ্মনবাড়িয়া জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ


























