জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ আশুগঞ্জ উপজেলার লালপুরের ইয়াবা ডিলার খ্যাত মোঃ হানিফাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ থানার একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।হানিফা উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত দিল্লুর আলীর ছেলে।
জানা যায়, আশুগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান যোগদান করে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানের সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে লালপুর নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে একটি বড় ছুরি উদ্ধার করা হয়।অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম মনিরুল ইসলাম জানান, হানিফা এলাকায় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। ইয়াবা ও মাদক মামলায় সে বেশ কয়েকবার জেল খেটেছে। মাদক ছাড়াও এলাকায় মারামারি এবং হেফাজতের তান্ডবের সময় আশুগঞ্জে ভাংচুর ও লুটপাটসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার মোঃ আজাদ রহমান বলেন, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। তাই পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের নির্দেশে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। আমরা চিহ্নত মাদক ও ইয়াবা কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














