
কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।। কোরবানি ঈদের আর মাত্র ২ দিন বাকী। সরকার লকডাউন শিথিল করায় প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে করে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। যার প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এতে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে।
রোববার(১৮’ই জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এর মধ্যে সবচেয়ে উত্তরবঙ্গগামী যানবাহন বেশি পারাপার হয়। এর আগে গত শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৩২ হাজার ৭১৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর উপর দিয়ে ঢাকাগামী ১৯ হাজার ৬২৮টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ৮৫৩টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। এ সড়ক দিয়ে প্রায় ২২ থেকে ২৩টি জেলার যানবাহন চলাচল করে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে এ সেতুটি চালু হওয়ার পর থেকে টোল আদায় করে আসছে সেতু কর্তৃপক্ষ। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক।
টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























