
আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ সংবাদদাতা।। ঘরমুখো গণপরিবনের চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক’সহ সিরাজগঞ্জের সব রুটে ধীরগতিতে চলছে দূরপাল্লার গাড়িগুলো, আবার মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছে যানজটের।
শনিবার (১৭ জুলাই) সকাল থেকেই বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দেয়। এছাড়া এ রুটে সকাল থেকে বিকেল পর্যন্তই ধীর গতিতে যানবাহন চলছে। অপরদিকে, হাটিকুমরুল-বনপাড়া রুটের গোঁজা ব্রিজ পর্যন্ত ও বগুড়া রুটের চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কে ধেমে ধেমে যানবাহন চলছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, এ মহাসড়কে পর্যায়ক্রমে বাড়ছে গণপরিবহণের চাপ।সকাল থেকেই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। কখনো থেমে থেমে যানজট দেখা দিলেও পুলিশি হস্তক্ষেপে তা দ্রুতই নিরসন করা হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ধীরগতি রয়েছে। পাবনা মহাসড়কে সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত ধীরগতি রয়েছে । নলকার ঝুঁকিপূর্ণ সেতুর কারণে কখনো কখনো যানজট সৃষ্টি হচ্ছে।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























