জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় অয়ন ভূঁইয়া(২২) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের আমানউল্লাহ ভূইয়ার বড় ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত অয়নের ভগ্নিপতি বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করা হয়েছিল। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রানীখার গ্রামের গ্রাম্য চিকিৎসক হুমায়ুন কবিরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। পরে গ্রাম্য চিকিৎসক অয়নকে সোডিয়াম স্যালাইন ও উরাডক্স নামে একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পরেই তার খিঁচুনি হয় এবং নাক ও মুখ দিয়ে লালা বের হতে থাকে। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার পর ডায়রিয়া বিভাগে অয়ন মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, খিঁচুনি অবস্থায় অয়নকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ার কারণে তাকে ঢাকা পাঠানোর কথা বলা হয়। এরই মধ্যে অয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ধারণা করা হচ্ছে, অয়নকে যে ইনজেকশন দেয়া হয়েছে, তার পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাসপাতাল সূত্রে জেনেছি এক শিক্ষার্থী ডায়রিয়া হয়ে মারা গেছে। পল্লী চিকিৎসকের ভুল ওষুধের কারণে ওই শিক্ষার্থী মারা গেছেন কি-না এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে