আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ সংবাদদাতা।।
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্যোগে, প্রেসক্লাব চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক হিরোক গুন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিঙ্কু কুন্ডু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধক্ষ্য দিলীপ গৌড়, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা জাসদের আহবায়ক নবকুমার কর্মকার সহ সিরাজগঞ্জ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তাগন বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, সাংবাদিক বান্ধব সরকার। তবুও কিছু অসাধু কর্মকর্তার জন্য বর্তমান সরকার জনগণের কাছে বিতর্কিত হচ্ছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। এতে করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সাংবাদিকেরা মুক্ত মনা।দেশের সার্বিক পরিস্থিতি জনগণের নিকট তুলে ধরে। এরই ধারাবাহিকতায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে হেনস্থা ও নির্যাতনের শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি এবং একই সাথে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক হয়রানি বন্ধের দাবি জানান। অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে