জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাসের মাথায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
সোমবার(২৬’শে এপ্রিল) বিকালে পুলিশ সদর দফতর থেকে প্রেরিত এক আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাকে কী কারণে বদলি করা হয়েছে তা তিনি নিশ্চিত করে বলেননি।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, পৌরসভা কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস ও জেলা গণগ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি অর্ধশত স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাণ্ডবের ঘটনা চলাকালে সদর থানা থেকে আন্দোলনকারীদের প্রতিহত না করে থানায় আক্রমণ না করার জন্য অনুরোধ করেন মাত্র। এ সময় আন্দোলনকারীরা শহরে তাণ্ডবলীলা চালায়। এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ব্রাহ্মণবাড়িয়ার সুধী সমাজের মাঝে।
তাণ্ডবের ওই ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৩৬৯ জনকে গ্রেফতার করলেও বড় ধরনের সাফল্য দেখাতে পারেনি বলে সদর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























