মহামারী করোনা পরিস্থিতিজনিত দীর্ঘদিনের ছুটির কারণে পিছিয়ে পড়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর সকল বিভাগের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরাল পর্যায়ে আগামী ৩০ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে সেশনজট মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে।

আজ শনিবার (২৩ জানুয়ারি, ২০২১) বিকেল ৩টায় জুম কনফারেন্সের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর একাডেমিক কাউন্সিলের ২৬তম সভায় এ ঘোষণা দেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। তিনি জানান, আগামী ১ মে ২০২১ তারিখ থেকে বেরোবি’র সকল বিভাগকে সেশনজট মুক্ত ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে নিয়মিত ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের ব্যবস্থা করা হবে। এসকল সিদ্ধান্ত বাস্তবায়নে সকল অনুষদ ও বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহবান জানান বেরোবি ভাইস-চ্যান্সেলর।

একাডেমিক কাউন্সিলের এই সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:), বিভাগসমূহের বিভাগীয় প্রধান এবং একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শুচিতা শরমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে