কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং অ্যানুয়াল ট্রেনিং প্রোগাম এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মকর্তাদের নিয়ে ফিন্যানশিয়াল এন্ড অফিস ম্যানেজমেন্ট শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রবিবার (২০ ডিসেম্বর ২০২০) সকাল ৯ ঘটিকায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালকবৃন্দ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র এ্যাসিসট্যান্ট সেক্রেটারী মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষনের কোন বিকল্প নেই। আমাদের সবাইকে সরকারী রুলস রেজুলেশন মেনে চলতে হয়। আমরা কেউ স্বাধীন নই, আমাদের সবাইকে একটি নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। অফিসার মানেই লিডার। লিডার মানে শ্লোগান দেয়া নয়, সেই লিডার যিনি দক্ষতার সহিত নিয়ম মাফিক কাজ সম্পাদন করেন। তিনি আরও বলেন, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরন করবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন দেখে আমি মুগ্ধ। সামনে আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে। আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্নক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, উপাচার্য মহোদয়ের আন্তরিকতা, প্রচেষ্টা ও নিষ্ঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আইকিউএসি ও এটিপি’র যৌথ আয়োজনে কর্মকর্তাবৃন্দ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পেতে যাচ্ছে যা প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু’র ত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে রিসোর্স পারসনের বক্তব্য শুণবেন। মাননীয় উপাচার্যের নেতৃত্বে আপনাদের সুষ্ঠু কর্মের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে