প্রতারণার অভিযোগ ওঠায় ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের সব ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে বৃহস্পতিবার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে তাদের নামে থাকা সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখতে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নামে পরিচালিত হিসাবসমূহের হিসাব লেনদেন বিবরণী এবং ৫০ লাখ বা তার বেশি টাকা জমা ও উত্তোলন সংশ্লিষ্ট তথ্য পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, পণ্য কিনলেই ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়ে ব্যবসা করছে ই-ভ্যালি। ফলে অল্পসংখ্যক গ্রাহক লাভবান হলেও বেশিরভাগই প্রতারিত হচ্ছেন। এদিকে, ই-ভ্যালিসহ ই-বাণিজ্যকে নিয়মের মধ্যে আনতে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ই-বাণিজ্যের প্রসার ঘটাতে গিয়ে যেন কোনো ভোক্তা প্রতারিত না হয় এদিকে কঠোরভাবে নজরদারি করতে বলা হয়েছে। অন্যদিকে ই-ভ্যালির প্রতারণা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ইতোমধ্যে কয়েকটি ব্যাংক তাদের কার্ডে ই-ভ্যালির পণ্য কেনাকাটা স্থগিত করেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























