দেশের মানুষ করোনা সংক্রমণ, চিকিৎসাসহ সম্পর্কিত বিষয়গুলো নিয়তির ওপরেই এখন ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বারবার সিদ্ধান্ত বদল এবং বিশেষজ্ঞদের পরামর্শে সরকারের পাত্তা না দেয়ার ঘটনাও ঘটছে অহরহ। ভুয়া পরীক্ষা, মাস্কসহ প্রয়োজনীয় সরঞ্জামাদিতে দুর্নীতি, জালিয়াতিসহ সামগ্রিক নেতিবাচক পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার দুরাবস্থারই নিরন্তর চিত্র এখন দৃশ্যমান।
করোনা সংক্রমণ মোকাবেলায় জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে সরকার গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি ১১’ই জুলাই সভা করে ও বিবৃতি দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কোরবানীর কোন ধরনের পশুর হাট না বসানোর জোর পরামর্শ দিয়েছিলেন। স্বাস্থ্য সচিবও উপস্থিত ছিলেন সেই সভায়। কিন্তু সে নির্দেশনা মানা হয়নি, উল্টো শুধু রাজধানী ঢাকায়ই দুই সিটি করপোরেশন এখন পর্যন্ত কমপক্ষে ১১টি পশুর হাট বসিয়েছে।
স্বাস্থ্যবিধি মানা হবে বলা হলেও পশুর হাটে এর কোন বালাই নেই। কোরবানীর এখনও অনেক বাকি, কিন্তু পশুর হাট তো বটেই পথে-ঘাটেও বসতে শুরু করেছে অস্থায়ী পশুর হাট। অন্যান্য শহরগুলোতেও একই অবস্থা। বিশেষজ্ঞদের পক্ষ থেকে কোরবানীর ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া নিরুৎসাহিত করার কথা বলা হয়েছিল। খোদ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ১৫ জুলাই নির্দেশনা জারি করা হয়েছিল যে, ঈদের আগে ও পরের ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে। একজন প্রতিমন্ত্রীও ওই দিন সংবাদ সম্মেলনে করে একই কথা জানিয়েছিলেন। পরিস্থিতি পাল্টে যায় এক রাতেই। ১৬ জুলাই মন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন, গণপরিবহন যথারীতি চলবে, কোন বন্ধ নেই। গত ইদুল ফিতরের ক্ষেত্রেও একই পরিস্থিতি ও ঘটনাবলী ঘটেছিল।

করোনার পরীক্ষাও ক্রমান্বয়ে কমিয়ে আনা হয়েছে। মধ্য জুনে যেখানে গড়ে প্রতিদিন ১৮ হাজারের মতো নমুনা পরীক্ষা করা হতো এখন তা ১০ হাজারের মতো এসে দাড়িয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, এটি ‘নো টেস্ট, নো করোনা’ নীতিরই অংশ। তবে অন্যদিকে, বিশেষজ্ঞগণ বলছেন, মানুষ পরীক্ষা ও চিকিৎসার ওপরে আস্থা হারিয়ে ফেলেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, মানুষ আস্থাহীনতায় ভুগছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২৮ জনে। ওই সময়ে নতুন করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৭৫ জন। এতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























