জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি শিশুটির আপন চাচাতো ভাই। তার নাম সাইফুল মিয়া ওরফে শাহাবুদ্দিন (২০)। আটককৃত সাইফুল একজন প্রবাস ফেরত যুবক বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার (২৩জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার নাটঘর ইউনিয়নের ভান্ডুসার গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও ঐ শিশুর পরিবার জানায়, ওমান থেকে প্রবাস ফেরত সাইফুল মিয়া সাত বছরের ঐ শিশুর আপন চাচাতো ভাই। গত মঙ্গলবার (২১জুলাই) দুপুরের দিকে সাইফুল বাড়ির পাশে মাছ ধরার কথা বলে ভুক্তভোগী শিশুটিকে কোলে করে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির আত্মচিৎকারে সাইফুল তাকে ফেলে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে ৭বছরের শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলেন। ওই দিনই রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ জানান, হাসপাতালের লেবার ওয়ার্ডে শিশুটি চিকিৎসাধীন আছেন। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শিশুটির যৌনাঙ্গের কিছু অংশ ছিড়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গাইনী চিকিৎসকদের পরীক্ষা শেষে শিশুটির ধর্ষণের আলামত জানা যাবে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এজহার দায়ের করা হয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে