জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই তাৎপর্যপূর্ণ সময়ে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনলাইনে অনুষ্ঠিত হয়ে গেল “বিপ্লবের সূচনা- বিশ্বব্যাপী ষাটের দশক এবং বাংলাদেশ তৈরির ইতিহাস” শিরোনামে আলোচনা সভা।

ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সেন্টার ফর এ্যাডভান্সড থিওরির যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মূল আলোচক হিসেবে ইতিহাসবিদ ড. শুভ বসু বাংলাদেশ জন্মের তাৎপর্যপূর্ণ ইতিহাস তুলে ধরেন। তিনি মূলত ষাটের দশকের আন্দোলনমূখী বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামী ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন। তিনি বৈশ্বিক ষাটের দশককে তৃতীয় বিশ্বের অবস্থান থেকে দেখেছেন। তিনি বলেন, বৈশ্বিক ইতিহাসের দিক থেকে বিবেচনা করলে, বাংলাদেশের জন্মের ইতিহাস সম্পর্কে আন্তর্জাতিক প্রেক্ষিতে তেমন একটি গবেষণা করা হয়নি। ইতালীয় দার্শনিক আন্তনিও গ্রামশি ও ফ্রাঞ্জফাঁনোর তত্ত্ব ব্যাবহার করে ড. শুভ বসু তাঁর গবেষণা প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পাকিস্তান রাষ্ট্রের সামরিক এবং আমলাতান্ত্রিকতার সমস্যাকে তুলে ধরেছেন এবং রাষ্ট্রে একটি আধিপত্যশীল সামাজিক শ্রেণীর অভাবের দিকটিও নির্দেশ করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, এসব কারণে পাকিস্তানের ব্যুউপনিবেশায়ন ছিল অসম্পূর্ণ। আর এই পরিস্থিতিই পূর্ব পাকিস্তানে স্বাধীনতা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল যা বৈশ্বিক ষাটের বৈপ্লবিক প্রক্রিয়ার সাথে গভীরভাবে যুক্ত।

অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশের প্রথিতযশা চিন্তাবিদ ও লেখক ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক এবং সেন্টার ফর এ্যাডভান্সড থিওরির পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান।তিনি বলেন, অধ্যাপক শুভ বসু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যেভাবে একটি অটোনমাস মুভমেন্ট হিসেবে দেখিয়েছেন এবং যেভাবে স্বাধীনতাযুদ্ধকে বৈশ্বিক প্রেক্ষাপটে স্থাপন করেছেন তা অভিনব এবং প্রশংসার দাবিদার।

এছাড়া অনুষ্ঠানে দেশ-বিদেশের আরও অনেক প্রখ্যাত পণ্ডিত অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল ও সোনিয়া নিশাত আমিন, ব্রুনাই দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ইফতেখার ইকবাল, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক স্বন্দীপ ব্যানার্জী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর অধ্যাপক আনিসুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক দেবাশিষ কুণ্ডু।

অনুষ্ঠানে সমাপনি বক্তব্য দেন ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান বাংলাদেশের অন্যতম প্রত্নতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক শাহনাজ হুসনে জাহান। এই অনলাইন আলোচনা সভায় ইউল্যাবের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ অংশ নেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে