রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। আজ বুধবার ৮’ই জুলাই ২০২০, ১৯ পেরিয়ে ২০ বছরে পা রাখলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০০১ সালের এইদিনে বাংলা ২৪ আষাঢ় ১৪০৮ তারিখে মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০০১ সালের ১৩’রা জুলাই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড কর্তৃক ৮ জুলাই তারিখ বিশ্ববিদ্যালয় দিবস হিসেব উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
মূলত ১৯৯৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়। ১৫ নভেম্বর ১৯৯৯ তারিখে প্রফেসর ড. খাইরুল আলম খানকে প্রকল্প পরিচালক নিয়োগ করে প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে ২০০২ সালের ১৫ এপ্রিল প্রকল্পের কাজ বন্ধ ঘোষণা করা হয়। প্রায় আট বছর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকার পর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে প্রকল্পের কাজ পুনরায় চালু করে ২০০৯ সালের নভেম্বর মাসে। ২০১০ সালের ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ বাস্তবায়নের জন্য এসআরও জারি করা হয়। যার পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর ২০১০ তারিখে প্রধানমন্ত্রীর অনুমোদনে তৎকালীন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান প্রফেসর ড. এম. খায়রুল আলম খানকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে ২০১১-১২ শিক্ষাবর্ষে ৫টি বিভাগে ১৬০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, “আমাদের লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন করা যাতে শিক্ষার্থীরা জনশক্তিতে পরিণত হয় এবং বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা ব্যাবস্থায় ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।” বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদ এবং ৩টি ইনস্টিটিউটের অধীনে ৩৪টি বিভাগ রয়েছে। যেখানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা সহশিক্ষা কার্যক্রমে নিজেদের নিয়োজিত রাখছে প্রতিনিয়ত।
রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি
ক্যম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























