ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ট্রেজারার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজের প্যানেল প্রস্তাবের প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি ও ইউল্যাবের আচার্য মোঃ আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২ জুন ২০২০ তারিখে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ০৪ বছর অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য এ পদে দায়িত্ব পালন করবেন। ইউল্যাবের কমিউনিকেশনস অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ইতি পূর্বে ড. মিলন কুমার ভট্টাচার্য ২০১৫ সালের জুন থেকে প্রথম মেয়াদে ইউল্যাবের ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সালে স্কুল অব বিজনেস-এর চেয়ার হিসেবে ইউল্যাবে প্রথম যোগদান করেন। অধ্যাপক ড. মিলন ভট্টাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং-এ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ইউল্যাবে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮ বছর শিক্ষকতা করেন এবং পরবর্তীতে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























