করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সহায়তা তহবিল থেকে শতাধিক পরিবারকে রমজানের উপহার সামগ্রী দিয়েছে ইউল্যাব অ্যালামনাই এ্যাসোসিয়েশন। ২ মে ২০২০, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের শতাধিক পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেন এ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রত্যেক পরিবারকে উপহার দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১/২ কেজি ছোলা, ১/২ কেজি খেজুর, ১ লিটার তেল, সাবান। খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজটি সমন্বয় করেন ইউল্যাবের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম খন্দকার।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন ইউল্যাব অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রাকিব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় পরিবারগুলোর পাশে থেকে এই উদ্যোগ পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।এর আগে গত মাসে রাজধানীর পুরান ঢাকার অর্ধ শতাধিক পরিবার ও বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা আলেক্ষ্যং ইউনিয়নের নোয়াপাড়ায় ২০ টি পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেন এ্যাসোসিয়েশনের সদস্যরা। এই সহায়তা তহবিলে ০১৫১১৬২৮০৯৪, ০১৬১০০০২৪৬৯ নাম্বারে বিকাশের মাধ্যমে, ০১৮১৮ ৮৩৯১৫৭ নাম্বারে নগদের মাধ্যমে, ০১৬৮৪ ০৯৭১৫১ রকেটের মাধ্যমে অর্থ সহায়তা পাঠানো যাবে।
এই উদ্যোগে সার্বিক তত্বাবধানে আছেন ইউল্যাব এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ নাজিব এম রহমান, সাধারণ সম্পাদক খায়রুল আনাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি তারিফ মোহাম্মদ খান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ প্রিন্স, অর্থ সম্পাদক তামিম হোসেন তূর্য, সাংগঠনিক সম্পাদক মোঃ রাফসান এ জান সহ ইউল্যাবের বিভিন্ন বিভাগের অ্যালামনাইরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























