ক্যাম্পাস প্রতিনিধিঃ করোনার প্রকোপের কারনে শিক্ষার্থীদের মেস ভাড়ার ব্যাপারে মেস মালিকদের মানবিক হওয়ার আহ্বান জানালেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ প্রীতম কুমার দাস। মহামারী করোনার কারনে সারা দেশের মত গত ১৮ই মার্চ ২০২০ইং তারিখ থেকে বন্ধ রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার (৫০০০) শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ২ টি আবাসিক হল।হল দুইটিতে সিট সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বসবাস করেন পাবনা শহরের বিভিন্ন বাসা/মেসে।শিক্ষার্থীদের এই সংকটকালীন সময়ে তাদের বাসা/মেস মালিকদের শিক্ষার্থীদের ভাড়ার ব্যাপারে মানবিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃকপক্ষ। এ ব্যাপারে জোরালো উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোমবার (৩ মে) দুপুরে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র সঙ্গে সাক্ষাত করেন। এ সময় পরিবহন পুলের প্রশাসক ডঃ কামরুজ্জামান সহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের বাসা/মেস ভাড়ার বিষয়ে গুরুত্ব সহকারে দেখার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।
প্রক্টর ডঃ প্রীতম কুমার দাস এ বিষয়ে বলেন, “বিশ্বব্যাপী করোনার এই সংকটকালীন সময়ে অধিকাংশ পরিবারের অথনৈতিক অবস্থা বেশ নাজুক হবার সাথে সাথে তাদের পরিবারকে জীবনধারণ করতে হচ্ছে অনেক কষ্টে। অনেক শিক্ষার্থী টিউশন করে নিজের এবং পরিবারের খরচ পরিচালনা করেন। শিক্ষার্থীদের এই সংকটকালীন সময়ে তাদের মেস/বাসা মালিকদের ভাড়ার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছি।“
আকরাম নয়ন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























