বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে আমরণ অনশন ধর্মঘটের ডাক দিয়েছে।গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন।


আমরণ অনশন এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফতাব হোসেন জানান- “আমরা দীর্ঘদিন যাবত আমাদের বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলন করছি কিন্তু ইউজিসি র তদন্ত কমিটি কালক্ষেপণ করছে। তাই আমরা আজ রাতে ৫০ সদস্যের একটি টিম ঢাকায় ইউজিসির সাথে সাক্ষাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রদের নিয়ে মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। “
আমরণ অনশনে বসা শিক্ষার্থী ইন্দ্রানী জানান -” আজ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে
যাব। “
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন সহ বিশ্ববিদ্যালয় সমস্যা সমাধানের জন্য গত ১৮ ফেব্রুয়ারি ইউজিসি কর্তৃক ৭ সদস্যের গঠিত কমিটি ১০ কার্য দিবস অতিবাহিত করতে চললেও সংকট সমাধানে কোনরূপ সাড়া বা দিকনির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
প্রফেসর ড. দিল আফরোজ বেগমকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন (সদস্য সচিব), বশেমুরবিপ্রবির চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান, বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ এবং বশেমুরবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ




























