পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই নির্দেশ দেয়া হয়। এর আগে সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে এই কাউন্সিলরের সঙ্গে তার ছেলে, ভাতিজাসহ আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়।ওসি মশিউর আরো বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়।তার বিরুদ্ধে সোমবার খিলগাঁও থানায় একটি মামলা হয়। মামলা নম্বর ৭। পরে ওই এসআই কর্তব্য কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে থানায় মামলা করেন।
ওসি বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি।শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ















