আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের সম্মানিত আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ড. এ.কে. এম. রায়হান উদ্দিন, শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি।

সুধীমন্ডলী,
আপনারা জানেন, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ৪টি অনুষদের ৭টি বিভাগ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৬টি অনুষদে ১৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান আছে।

শ্রদ্ধেয় উপস্থিতি,
সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সর্বোচ্চ একাডেমিক প্রোগ্রাম। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ২৭ জানুয়ারি ২০২০ সোমবার বেলা ৩.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। উক্ত সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আইসিসি’র সাবেক প্রেসিডেন্ট এবং গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এম.পি উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
সমাবর্তনের মাধ্যমে ৬টি অনুষদের মোট ৫৬৪৮জন শিক্ষার্থীকে মূল সনদ প্রদান করা হবে। তন্মধ্যে স্নাতক পর্যায়ের ৩৫৬১জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ২০৮৭ জন। অনুষদভিত্তিক সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা (১) বিজ্ঞান অনুষদে মোট ১০০২ জন (স্নাতক: ৬৬১ জন, স্নাতকোত্তর: ৩৪১ জন), (২) কলা ও মানবিক অনুষদে মোট ৮৬৩ জন (স্নাতক: ৫২৮ জন, স্নাতকোত্তর: ৩৩৫ জন), (৩) সামাজিক বিজ্ঞান অনুষদে মোট ১৪০৫ জন (স্নাতক: ৮৭৬ জন,স্নাতকোত্তর: ৫২৯ জন), (৪) বিজনেস স্টাডিজ অনুষদে মোট ১৯৩৮ জন (স্নাতক: ১১৬৭ জন, স্নাতকোত্তর ৭৭১ জন), (৫) প্রকৌশল অনুষদে মোট ৪৪০ জন (স্নাতক: ৩২৯ জন, স্নাতকোত্তর ১১১ জন)। উক্ত সমাবর্তনে মোট ২৮৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। উল্লেখ্য যে, আইন অনুষদের অন্তর্ভূক্ত আইন বিভাগ থেকে এখনও কোন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেনি।

সমবেত সুধী,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের মূল আকর্ষণ চ্যান্সেলর স্বর্ণপদক। শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোট ১৪ জন কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হবে। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপদেষ্টা কমিটি, সমন্বয় কমিটিসহ মোট ২৬টি কমিটি করা হয়েছে এবং প্রত্যেকটি কমিটির সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সমাবর্তনকে সাফল্যমন্ডিত করার জন্য। মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বার্ড, ক্যাডেট কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারের সকল দপ্তর ও উপদপ্তরের কর্মকর্তাবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। সমাবর্তনে নিবন্ধিত গ্র্যাজুয়েটবৃন্দকে গাউন, গিফটসহ অন্যান্য সামগ্রী ২৪ ও ২৫ জানুয়ারি বিতরণ করা হবে। যারা উল্লিখিত তারিখে সামগ্রী সংগ্রহ করতে পারবেন না, তারা ২৬ জানুয়ারি তারিখেও সমাবর্তন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। গ্র্যাজুয়েটদের যাতায়াতের জন্য শহর থেকে প্রয়োজনীয় সংখ্যক যানবাহনের ব্যবস্থা থাকবে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান করুণাময়ের ইচ্ছায় আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সফল ও সার্থকভাবে সম্পন্ন হবে, ইনশাল্লাহ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে