ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা করি। কারণ ২১শতকের পৃথিবী প্রথমত চাই একজন ভাল মানুষকে, চাই দক্ষ, সংবেদনশীল, দেশ প্রেমিক এবং একজন পৃথিবী প্রেমিক মানুষকে। তাই ভাল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন মানেই পরিবার থেকে বিচ্ছিন্ন, স্বাধীন ও আনন্দময় জীবন। লক্ষ্য রাখবে এ স্বাধীনতা যেন কোন ভাবেই মাত্রা ছাড়িয়ে না যায়।

ড. রাশিদ আসকারী বলেন, তোমরা সকল মোহ থেকে দুরে থাকবে। বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির এই যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক হিসেবে ব্যবহার করবে। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর নামে নির্যাতন এবং সম্ভ্রমহানি করা হচ্ছে। তোমাদের প্রতি আহবান রইল তোমরা কোন অবস্থাতেই র্যাগিং করবেনা। ইবি ক্যাম্পাসকে আমরা র্যাগিং মুক্ত রাখতে চাই।

ড. রাশিদ আসকারী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মুজিববর্ষ উদ্যাপনে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।বুধবার দুপুরে ক্যাম্পাস্থ আম্রকাননে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) সঞ্জীবনী ৩৩ ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে সঞ্জীবনী ৩৩ ব্যাচ-ডে এবং অভিষেক অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. রাশিদ আসকারী এসব কথা বলেন।

ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত চিন্তার জায়গা, যা কাজে লাগিয়ে তোমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি বলেন, তোমরা নিজ গুণে গুণান্বিত মডেল ব্যাচ হিসেবে গড়ে উঠবে, যাতে করে তোমাদেরকে অন্যরা অনুস্মরণ করে।
তিনি বলেন, ইতোমধ্যে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। আশারাখি তোমরা জাতীয় এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সভায় অপর বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। সভায় বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন এবং আইন বিভাগের শিক্ষার্থী কামাল হোসেন। সভা পরিচালনা করেন শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ইজাজ অনিক, লোক প্রশাসন বিভাগের শাম্মী আক্তার, আইন বিভাগের মুন্না ও বিন্দু। দিনব্যাপী এ আয়োজনে আলোচনাসভা ছাড়াও বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, ফ্ল্যাশ মব ও রক্তের গ্রুপ নির্ণয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























