চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আলোচিত মাদক সম্রাজ্ঞী রাশিদা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ফার্ম পাড়া এলাকায় রাশিদার বাড়ির সামানে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ফার্ম পাড়া এলাকার রবিউল মোল্লার স্ত্রী একাধিক মাদক মামলার আসামী রাশিদা ওরফে রাশিদা(৫৫), রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম উজ্জল(৩০), দোস্ত গ্রামের আমতলা মোড় এলাকার সিরাজুল ইসলাম সিরু মিয়ার ছেলে সাঈদ ইসলাম(২৫) ও দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আফতাব আলীর ছেলে রিপন আলী(২৭)।
আলোচিত মাদক সম্রাজ্ঞী রাশিদাসহ চারজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বেগমপুর ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক রাজিব আলীসহ সহযোগী ফোর্স আকুন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় রাশিদার বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একাধিক মাদক মামলার আসামী রাশিদাসহ তার তিন সহযোগী শরিফুল ইসলাম উজ্জল, সাঈদ ইসলাম ও রিপন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের শরীর তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বেগমপুর ফাঁড়ি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সদর থানা হেফাজতে সোপর্দ করেন। গ্রেপ্তাকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














