মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গার্লস স্কুল এ্যান্ড আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কলেজের উন্নয়নসহ বিভিন্ন খাতে খরচ দেখিয়ে শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ছাড়াও অধিকাংশ শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ থেকে ৭০০ টাকা অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া উৎকোচ নিয়ে একাধিক বিষয়ে অকৃতকার্যদের ৫৩জনকে ফরম পূরণের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ঠ সূত্র জানায়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয় ১৭ ডিসেম্বর থেকে। এইচএসসি পরীক্ষার নিয়মিত ১৩৪জন ও অনিয়মিত ৮৬জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করে। এ পরীক্ষার ফরম পূরণের জন্য নিয়মিতসহ অনিয়মিত পরীক্ষার্থীদের যারা ইতোপূর্বে পরীক্ষায় অংশগ্রহন করেছে এমন শিক্ষার্থীদের মানবিক ও বানিজ্য বিভাগে ২২৩৫টাকা ও বিজ্ঞান বিভাগে ২৭৯৫ টাকা এবং অনিয়মিত যারা ইতোপূর্বে পরীক্ষায় অংশগ্রহন করেনি এমন শিক্ষার্থীদের বানিজ্য ও মানবিক বিভাগে ২৩৩৫টাকা ও বিজ্ঞান বিভাগে ২৮৯৫টাকা বোর্ড নির্ধারন করেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। এছাড়া অকৃতকার্যদের কাছ থেকে অন্য শিক্ষকদের মাধ্যমে উৎকোচ নিয়ে তাদের ফরম পূরণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।প্রতিষ্ঠানের অফিস সহায়ক রোকেয়া বেগম নির্বাচনী পরীক্ষায় ৫৩জন অকৃতকার্যদের কাছ থেকে ফরম পূরণের জন্য টাকা জমা নিয়েছেন বলে স্বীকার করেছেন। তিনি এ টাকা অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের আদেশেই নিয়েছেন বলে জানান।
এদিকে কোন অকৃতকার্য শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না এবং বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত কোন টাকা শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রতিষ্ঠান নিতে পারবেননা বলে জানিয়েছেন মাগুরা জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার।
অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়েছে সেটি গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক নেওয়া হয়েছে বলে কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়া বলেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, “আমি সবে যোগদান করেছি। বিষয়টি যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























