বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। এ সময় মন্ত্রী জানান, ধাপে ধাপে আরো তালিকা প্রকাশ করা হবে।

মহান বিজয় দিবসেরে একদিন আগে আজ রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন তিনি।একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকারের তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হলো আজ।সংবাদ সম্মেলনে মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে অনেক রাজাকারের রেকর্ড সরিয়ে ফেলেছে। তিনি জানান, একাত্তরে যেসব রাজাকারের নাম ছিলো, সেগুলোই প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি আমাদের প্রস্তুত করা কোনো তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেকর্ড অনুসারে যাদের তথ্য-উপাত্ত পাওয়া গেছে আমরা সেগুলো প্রকাশ করছি। পর্যায়ক্রমে আরও তালিকা প্রকাশ করা হবে।’মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরো জানান, দালিলিক প্রমাণের মাধ্যমে তাদের (রাজাকারদের) নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেগুলো উদ্ধার করতে পেরেছি সেই তালিকাটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে। মহান জাতীয় সংসদে আমাদের অঙ্গীকার ছিল রাজাকারদের তালিকা করা হবে। সেই প্রতিশ্রুতির আলোকে আমরা প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছি।

মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ১৯টি জেলা ছিল। ওই জেলার রেকর্ডরুমে যে সমস্ত দালিলিল প্রমাণ আছে সেগুলো দিয়ে সহায়তা করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছি। দুঃখজনক হলে সত্য, আমরা আশানুরূপ সাড়া পাইনি। যেহেতু এটি ৪৮ বছরের পুরনো রেকর্ড, সেগুলো পেতে সময় লাগবে। তাই জেলা প্রশাসকদের সময় দেওয়া বাঞ্ছনীয় বলে মনে করি। আজকে সংবাদ সম্মেলনের পর আবার জেলা প্রশাসকদের কাছে অনুরোধ জানানো হবে। তাদের এক দেড় মাস সময় দেওয়া প্রয়োজন বলে মনে করি।’

আ ক ম মোজাম্মেল হক আবারো বলেন, ‘একাত্তর সালে যে সব গেজেট হয়েছিল, আমরা সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি। ১৯৭১ সালের সমস্ত গেজেট তারা ঠিকমতো দিতে পারেনি। ১৯৭১ সালে একটি নির্বাচন হয়েছিল। ইয়াহিয়া খান সমস্ত আসন শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন করেছিল। ওই সময়ে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিল আমরা সেই তালিকা নির্বাচন কমিশনে চেয়েছি। তারা এখনও সরবরাহ করতে পারেনি। সেই নির্বাচনে যারা এমপি হয়েছিল আমরা তাদের তালিকাও প্রকাশ করব। সেগুলো আমরা পাওয়ার অপেক্ষায় আছি।’

তথ্যঃ বৈশাখী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে