জিয়া দাতব্য সংস্থা দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ জামিনের শুনানি চলছে। এতে উভয় পক্ষের ৩০ জন করে আইনজীবী উপস্থিত থাকার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। তবে এর বেশি আইনজীবী আদালতে উপস্থিত হওয়ায় অসন্তোষ জানিয়েছেন প্রধান বিচারপতি।

এদিকে আদালতে উপস্থাপন করা হয়েছে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট। তবে সবশেষ মেডিকেল রিপোর্ট না দিয়ে আগের রিপোর্ট দেয়ায়, নতুন মেডিকেল রিপোর্ট সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।এদিকে, এ শুনানিকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আদালতের প্রতিটি প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও সুপ্রিম কোর্ট বার ভবন থেকে আদালতের মূল ভবনের প্রবেশ পথেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মূল ফটকগুলো দিয়ে প্রবেশের সময় আগত ব্যক্তিদের পরিচয়পত্রও দেখাতে হচ্ছে।

এর আগে গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে আদালত কক্ষে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘন্টা আদালতের বিচার কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।এদিন আপিল বিভাগ খালেদার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কিত মেডিকেল বোর্ডের রিপোর্ট ১১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলে ১২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন। এ অনুসারে গতকাল খালেদার স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল বোর্ডের রিপোর্ট সুপ্রিম কোর্টে পৌঁছে। যা আজ আদালতে উপস্থাপন করা হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই সাজা বাতিল চেয়ে গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে গত ৩০ এপ্রিল হাইকোর্ট ওই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতে দেওয়া জরিমানার আদেশ স্থগিত করে বিচারিক আদালতে থাকা মামলাটির নথি তলব করেন হাইকোর্ট।

গত ২০ জুন মামলার নথি হাইকোর্টে আসার পর খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে তুলে ধরেন তাঁর আইনজীবীরা। গত ৩১ জুলাই জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট। পরে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল বিভাগে যান।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে