চুয়াডঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চার’শ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা বাস স্ট্যান্ডের পাশে পল্লি বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত লাল মিয়া শাহ’র ছেলে হবিবুর রহমান শাহ (৩৫) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রহিম (৩৮)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে দর্শনা পল্লি বিদ্যুৎ অফিসের সমনে দু’জন ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীকসহ সহযোগী ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা চার’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের সদর থানা হেফাজতে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রোরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























